সদ্যঘোষিত ঢাকা কলেজ ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট কমিটিতে ছাত্রলীগ আছে বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছেন শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫.৩০টার দিকে পদবঞ্চিত নেতাকর্মীরা নায়েমের গলি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি মিরপুর সড়ক হয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় নেতাকর্মীদের “অবৈধ কমিটি মানি না মানবো না, ছাত্রলীগ দিয়ে কমিটি মানি না মানবো না, রাকিব-নাসিরের দুই গালে জুতা মারো তালে তালে, ঢাকা কলেজ ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ এবং ঢাকা কলেজ আসছে রাজপথ কাপছে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, গত এক মাস আগে ছাত্রদলের সেক্রেটারি নাছিরের এলাকার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে সাইন্সল্যাব থেকে ধরে পুলিশের হাতে সোপার্দ করেছিলাম। পরে সে নিজে এসে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই ক্ষোভের কারণে আমাকে ও আমার সহযোদ্ধাদের কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। ঢাকা কলেজের ৩৬ সদস্য বিশিষ্ট দযে কমিটি অনুমোদন করা হয়েছে সেখানে ৩-৪ জন ছাত্রলীগ আছে।
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাসবিরুল ইসলাম বলেন, শুধু আমি নয় দীর্ঘদিন যারা রাজপথে ছিল, আন্দোলন করেছে, কারা নির্যাতিত হয়েছে তাদেরকে এ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি নিজস্ব লোকদের নেতা বানানোর জন্য এবং সেই কমিটিকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের অনুগতদের দিয়ে কমিটি করেছে। এ কমিটি আমরা মানি না। আমরা গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই আন্দোলন আমরা আমাদের জীবনের সবকিছু দিয়ে আন্দোলন করেছি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমরা রাকিবের এই অবৈধ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
‘‘অবৈধ কমিটি, মানি না মানবো না, রাকিব-নাছিরের প্রতি বিনয়ের সাথে বলতে চাই ঢাকা কলেজ ছাত্রদলে যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে দিয়ে আচিরেই কমিটি দিন। ঢাকা কলেজ ছাত্রদলকে মূল্যায়ন করুন আর তা যদি না হয় তাহলে আমাদের সাথে এ ধরণের বৈষম্য আমরা মেনে নেব না। হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ন্যায্যতা ফিরে পাওয়ার আন্দোলন চালিয়ে যাবো।
এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ঢাকা কলেজ ছাত্রদল সব সময় রাজপথে থেকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে। যারা রাজপথে ছিল তাদের ছাড়া এই কমিটি দিয়েছে। এই কমিটিতে ছাত্রলীগ আছে। আমার ব্যাচের একজন পূর্বে ছাত্রলীগ করতো। এখন সে এই কমিটিতেও আছে। আমরা এই ছাত্রলীগের কমিটি ঢাকা কলেজে চাই না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই জিয়াউর রহমানের বাংলাদেশে কোন বৈষম্য চলবে না। বিগত সময়ে যারা রাজপথে ছিল তাদের দিয়েই কমিটি করা হোক। আমরা এই অবৈধ কমিটি চাই না।
মন্তব্য করুন