মধ্যপ্রাচ্যের দেশ ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সামরিক বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেপ্টেম্বরের শেষ নাগাদ আন্তর্জাতিক জোটের সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার সম্পন্ন হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কুর্দি অঞ্চলে মোতায়েন থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্লোজ-ইন রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা সি-র্যামের মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামগুলো সরিয়ে নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরাকে মার্কিন ও জোটের ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দিয়ে আসছিল। বিশেষ করে কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলের আশপাশের সামরিক স্থাপনা, প্রশিক্ষণ কেন্দ্র এবং বিমান চলাচল অবকাঠামোর নিরাপত্তায় এগুলোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় আইএসের বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক জোটের সামরিক অভিযানের সময়সীমা ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সেই চুক্তির ধারাবাহিকতায় এখন জোটের ভূমিকা সন্ত্রাসবিরোধী অভিযান থেকে সরিয়ে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার দিকে নেওয়া হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের ফলে ইরাকের নিজস্ব আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সংঘাতের কারণে ইরাকের আকাশসীমা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক বিমানের চলাচলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিরাপত্তা বিশেষজ্ঞ মান আল-জুবুরির মতে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহারের পর ইরাকের আকাশসীমা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং যেকোনো পক্ষের জন্য আকাশসীমায় অনুপ্রবেশের সুযোগ বেড়ে যেতে পারে।
এই নিরাপত্তা ঘাটতি পূরণের লক্ষ্যে ইরাক নিজস্ব সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনায় রাডার, কমান্ড অবকাঠামো এবং বিভিন্ন পাল্লার প্রতিরক্ষা সক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। ইরাকি সামরিক বাহিনী শুরুতে ছয় বছরের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলেও প্রধানমন্ত্রী সময়সীমা কমিয়ে তিন বছরে আনার নির্দেশ দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শুধু উন্নত অস্ত্র কেনাই যথেষ্ট নয়; বরং দক্ষ জনবল, প্রশিক্ষণ এবং বিভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি। ফলে মার্কিন ব্যবস্থা প্রত্যাহারের পর তৈরি হওয়া নিরাপত্তা শূন্যতা দ্রুত পূরণ করা ইরাকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
সূত্র: এভিয়েশন নিউজ বিডি
