রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মোট ৯ হাজার ৫৮৯ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
সভায় অনুমোদনের জন্য মোট ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) অধীনে ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকার প্রকল্পটি অনুমোদন পায়নি। প্রকল্পটি আরও যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ দেওয়া হয়েছে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদি এই প্রকল্পে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় করা হবে, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর বাস্তবায়ন করবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা পুনর্নির্মাণে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যা সেপ্টেম্বর ২০২৬ থেকে আগস্ট ২০৩০ মেয়াদে বাস্তবায়িত হবে।
শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দেশের ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ২০১ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা বাড়িয়ে প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৬৩০ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ৪৫ লাখ ৪১ হাজার টাকা ব্যয় কমানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ ও অবকাঠামো খাতেও বেশ কিছু প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষায় ২৯৮ কোটি ৬৫ লাখ টাকা, চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণে ৫৫৮ কোটি ৮৩ লাখ টাকা এবং ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদীর সুরক্ষায় ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকার প্রকল্প রয়েছে।
এছাড়া সেতুর রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সক্ষমতা বাড়াতে ১১৫ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ১০১ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা এবং ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণে অতিরিক্ত ৬২৭ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: Dainik Ei Din
