তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারে নতুন চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যে সম্ভাব্য নতুন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।
নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে উপদেষ্টারা মন্ত্রিসভার সরাসরি সদস্য নন।
আজকের এই নতুন চারজন শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়াবে। এর ফলে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা হবে ২৮ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যা হবে ২৫ জন। উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের বিষয়টিও নির্ধারিত রয়েছে।
সূত্র: যুগান্তর
