বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক কান্তজির মন্দির পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি তার স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি দেখতে যান।
মন্দির প্রাঙ্গণে পৌঁছালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে তিনি প্রদীপ প্রজ্বলন ও আরতিতে অংশ নেন। এরপর রাষ্ট্রদূত টেরাকোটা শিল্পের অনন্য নিদর্শন এই মন্দিরের স্থাপত্যশৈলী ও সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং পুরো এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেরাকোটার নান্দনিক কারুকাজের জন্য সুপরিচিত কান্তজির মন্দিরটি দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সমাদৃত।
সূত্র: রাইজিংবিডি
