২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমানে পরীক্ষা পেছানোর মতো কোনো পরিস্থিতি বা কারণ তৈরি হয়নি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। যদি দুর্যোগ বা জাতীয় পর্যায়ে বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব না হয়, তবে পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিকতা নেই।’ পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রায় এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ক্লাস ও পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সুযোগ ও সময় রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এই লিখিত পরীক্ষাগুলো ১৩ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর প্রেক্ষিতে এইচএসসি পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পুনরায় জানান যে, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যা পরীক্ষা পেছানোর দাবি রাখে।
সূত্র: দৈনিক এইদিন
