নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে দুর্গম এলাকাগুলোতে জোর তৎপরতা চালানো হচ্ছে। নিখোঁজদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বন্যার প্রবল তোড়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা পর্যটক, পর্বতারোহী ও তীর্থযাত্রীদের যাতায়াতের প্রধান পথ ছিল। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে হেলিকপ্টার ব্যবহার করছে। এছাড়া দুর্গম উপত্যকা ও বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে আকাশপথে তাঁবু, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
ধ্বংসযজ্ঞের ভয়াবহতার মধ্যেও অলৌকিকভাবে কয়েকজনের বেঁচে ফেরার খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, হিমবাহ ধসের কারণেই এই আকস্মিক বন্যার সূত্রপাত হয়েছে। তবে বিপর্যয়ের প্রকৃত কারণ নিশ্চিত করতে এবং নিখোঁজদের অবস্থান শনাক্তে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: দৈনিক এইদিন
