২০১৫ সালের মে মাসে পটের বিবির যাত্রা শুরু হয় অনলাইনে। শাড়ি নিয়ে কাজ শুরুর আগে ফোয়ারা ফেরদৌস বেশ কিছুটা সময় চাকরির বিরতিতে ছিলেন এবং নানা পেশায় যুক্ত ছিলেন। নতুন কিছু করার ভাবনায় তিনি শাড়ির ব্যবসায় মনোনিবেশ করেন। প্রথম দিকে টাঙ্গাইল থেকে শাড়ি সংগ্রহ করে ক্রেতাদের সামনে তুলে ধরতেন। ছয় মাসের মধ্যেই তিনি ভালো সাড়া পান। ক্রেতাদের আগ্রহ দেখে তিনি শাড়িতে নিজস্ব নকশা, রঙের ব্যবহার ও ব্লকের কাজ শুরু করেন। এর দুই বছর পর শাড়িতে স্ক্রিনপ্রিন্টের কাজও যুক্ত করা হয়। এভাবে ২০১৯ সাল পর্যন্ত অনলাইনের দুনিয়াতেই ঘুরে বেড়াচ্ছিল পটের বিবি। পাশাপাশি বিভিন্ন মেলায় অংশগ্রহণের মাধ্যমেও ব্র্যান্ডটি পরিচিতি লাভ করে।
২০১৯ সালের আগস্টের ২ তারিখে পটের বিবির দোকান খোলা হয় লালমাটিয়ার সি ব্লকের ১/১-বি নম্বর বাড়িতে। এখনো সেখানেই দোকানটি অবস্থিত। শুরুর দিকে ফোয়ারার অফলাইনে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ তিনি নিজের নকশা নিয়ে নিরিবিলি কাজ করতেই পছন্দ করতেন। কিন্তু এটাও মনে হলো যে ক্রেতাদের সঙ্গে নতুন একটা শাড়ির গল্প ভাগ করে নেওয়া, তাঁদের বিস্তারিত জানানো বা বোঝানো যেত না অনলাইনে। তিনি এমন একটি জায়গা খুঁজছিলেন যেখানে ক্রেতাদের আমন্ত্রণ জানানো যায় এবং নতুন শাড়ির কাজগুলো প্রদর্শন করা সম্ভব হয়। এই চিন্তা থেকেই দোকান দেওয়ার পরিকল্পনা করেন তিনি।
ফোয়ারা ফেরদৌস বলেন, ‘দোকান হলেও কেনাকাটার বাইরে জায়গাটি অনেক কাজেই ব্যবহার করা হচ্ছে। ক্রেতাদের সঙ্গে কথোপকথন, শাড়ি নিয়ে তাঁদের অভিজ্ঞতা জানা, নতুন ভাবনা পাওয়া, আন্তরিক সম্পর্ক তৈরি হওয়া এবং নতুন পণ্য উপস্থাপনের মতো অসংখ্য বিষয় এখানে করা যাচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে দোকান দিয়েছিলাম, সেটা পুরোপুরি পূরণ হয়েছে।’ দোকান দেওয়ার পর কাজের ক্ষেত্র অনেক বেড়েছে। শুরুতে পটের বিবিতে মূলত শাড়ি নিয়ে কাজ হলেও এখন স্কার্ফ, ব্যাগ, শিশুদের পোশাক ও নোটবুকসহ নানা পণ্য যুক্ত হয়েছে। অনলাইনে অনেক সময় এসব পণ্য আড়ালে পড়ে গেলেও অফলাইনে সেগুলো ক্রেতাদের নজরে আসছে।
নতুন কোনো শাড়ি এলে এখনো প্রথমে তা পটের বিবির অনলাইনেই তুলে ধরা হয়, যা থেকে দেশের বাইরে থেকেও অনেকেই অর্ডার করছেন। কাজের পরিসর সীমিত রেখে পণ্যের মান ধরে রাখার চেষ্টা করছেন ফোয়ারা। করোনার কারণে একবার দোকানটি বন্ধ করতে হলেও সাত-আট মাস পর তা আবার চালু করা হয়। বর্তমানে স্টুডিও পরিচালনা থেকে শুরু করে কারিগর—সব মিলিয়ে পটের বিবিতে কাজ করছেন ১৫ জন। নিজের নকশা ও সৃজনশীলতার মাধ্যমে ফোয়ারা ফেরদৌস আজ সফল নারী উদ্যোক্তাদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন।
সূত্র: প্রথম আলো
