২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সংসদ সদস্যদের কাছে নিজের পক্ষে ভোট চেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে আয়োজিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এই আবেগঘন আহ্বান জানান। দুপুর ২টায় শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সভায় দলের সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েকবার কান্নায় ভেঙে পড়েন, যা সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ভুল করে থাকলে বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বছরের পর বছর তার ওপর আস্থা রেখে দায়িত্ব অর্পণ করায় তিনি ঋণী। তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনোই আপস করবেন না। রাষ্ট্রপতি নির্বাচিত হলে জাতীয় সংসদের এই পরিবেশ তিনি মিস করবেন বলেও মন্তব্য করেন।
সভায় প্রধান হুইপ মো. নুরুল ইসলাম মনি উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন এবং দলের সকল সংসদ সদস্যকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: Risingbd
