হবিগঞ্জ শহরে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ চত্বর থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। আটক অপর দুইজন হলেন সংগঠনের সদস্য মির্জা সুমন ও রাকিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্রছাত্রী’র ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। বিকেলে কোর্ট মসজিদ চত্বরে শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হলে মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের আটক করা হয়েছে।
সূত্র: The Daily Star Bangla
